Tuesday, October 27, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

মে

International Day of Potato

আন্তর্জাতিক আলু দিবস (International Day of Potato)

International Day of Potato

আজ ৩০ শে মে (30 May), আন্তর্জাতিক আলু দিবস (International Day of Potato)। প্রতি বছর ৩০ শে মে তারিখটি আন্তর্জাতিক আলু দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০০৫ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০০৮ সালকে আন্তর্জাতিক আলু বর্ষ (International Year of the Potato) হিসাবে ঘোষণা করে। ২০০৮ সাল আন্তর্জাতিক আলু বর্ষ রূপে পালিত হয়। ২০২৩ সালের ৭ ই জুলাই রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) -এর ৪৩-তম অধিবেশনে ৩০ শে মে তারিখটি আন্তর্জাতিক আলু দিবস হিসাবে পালনের প্রস্তাব গৃহীত হয়। ২০২৩ সালের ৮ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ৩০ শে মে তারিখটি আন্তর্জাতিক আলু দিবস হিসাবে ঘোষণা করে এবং ২০২৪ সালের ৩০ শে মে তারিখে প্রথমবার আন্তর্জাতিক আলু দিবস পালিত হয়। আন্তর্জাতিক আলু দিবস পালনের উদ্দেশ্য হল : আলুর পুষ্টি গুরুত্ব এবং অর্থনৈতিক, পরিবেশগত ও সাংস্কৃতিক মূল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এক প্রধান খাদ্য (Staple Food), কৃষকদের আয়ের উৎস ও বৈশ্বিক বৈচিত্র্যময় কৃষি ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ফসল হিসাবে আলুর গুরুত্ব তুলে ধরা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক আলু দিবসের থিম হল : ‘Shaping history, feeding the future’।

আলু (Potato) হল সোলানেসি (Solanaceae) পরিবারের সোলানাম (Solanum) গণের অন্তর্গত এক উদ্ভিদ প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম (Solanum tuberosum)। আলু উদ্ভিদের শ্বেতসারসমৃদ্ধ ভূনিম্নস্থ পরিবর্তিত বা রূপান্তরিত কান্ড (স্ফীত কন্দ বা টিউবার) খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। জেনেটিক গবেষণা থেকে জানা যায়, আলুর চাষের আদি উৎস হল বর্তমান দক্ষিণ আমেরিকার পেরুর দক্ষিণাঞ্চল ও বলিভিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। আনুমানিক ৭ থেকে ১০ হাজার বছর পূর্বে আলুর চাষ শুরু হয়। বর্তমানে ৫ হাজারেরও বেশি জাত (Variety) -এর আলু পাওয়া যায়। ভারত ও বিশ্বে আলুর কয়েকটি উল্লেখযোগ্য জাত হল — কুফরি জ্যোতি (Kufri Jyoti), কুফরি চন্দ্রমুখী (Kufri Chandramukhi), কুফরি পোখরাজ (Kufri Pukhraj), সাদা রুসেট (White Russet), ইউকন গোল্ড (Yukon Gold), লাল নরল্যান্ড (Red Norland), রাশিয়ান ব্যানানা ফিঙ্গারলিং (Russian Banana Fingerling), কেনেবেক (Kennebec) ইত্যাদি। উল্লেখ্য, পৃথিবীর মোট জনসংখ্যার ২/৩ অংশের এক প্রধান খাদ্য হল আলু। বিশ্বের মোট উৎপাদিত আলুর প্রায় ৫০% গৃহস্থালি প্রধান খাদ্য (Household Staple Food) বা সবজি হিসাবে ব্যবহৃত হয়।

FAO -এর তথ্য (২০২৩) অনুসারে, এশিয়া মহাদেশে সর্বাধিক পরিমাণ আলু উৎপাদিত হয়। আলু উৎপাদনে ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। বিশ্বে আলু উৎপাদনে চিন প্রথম স্থান অধিকার করে। ভারত ও ইউক্রেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। USDA -এর তথ্য অনুসারে, খোসা সহ ১০০ গ্রাম সেদ্ধ আলুতে ৭৭% জল, ২০% কার্বোহাইড্রেট, ২% প্রোটিন ও নগণ্য পরিমাণ ফ্যাট থাকে। এছাড়া আলুতে পটাশিয়াম, ভিটামিন-সি, ভিটামিন-বি-৬ রয়েছে। আলু এক পুষ্টিকর সবজি, যার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আলুতে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। আলুতে পটাশিয়াম ও ভিটামিন-সি থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আফ্রিকা দিবস

One thought on “International Day of Potato”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!