World Television Day
বিশ্ব দূরদর্শন দিবস (World Television Day)

আজ ২১ শে নভেম্বর (21 November), বিশ্ব দূরদর্শন দিবস (World Television Day), যা বিশ্ব টিভি দিবস (World TV Day) নামেও পরিচিত। প্রতি বছর ২১ শে নভেম্বর তারিখটি বিশ্ব দূরদর্শন দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৯৬ সালের ২১ শে ও ২২ শে নভেম্বর রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম ‘ওয়ার্ল্ড টেলিভিশন ফোরাম‘ (World Television Forum) আয়োজিত হয়, যার উদ্দেশ্য ছিল পরিবর্তিত বিশ্বে দূরদর্শনের ক্রমবর্ধমান তাৎপর্য নিয়ে আলোচনা করা এবং তাদের পারস্পরিক সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায় তা বিবেচনা করা। ১৯৯৬ সালের ১৭ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ ২১ শে নভেম্বর তারিখটি বিশ্ব দূরদর্শন দিবস হিসাবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ২১ শে নভেম্বর প্রথমবার বিশ্ব দূরদর্শন দিবস পালিত হয়। বিশ্ব দূরদর্শন দিবস পালনের উদ্দেশ্য হল : দূরদর্শনকে যোগাযোগ ও বিশ্বায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে স্বীকৃতি প্রদান করা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজের উপর দূরদর্শনের উল্লেখযোগ্য প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব দূরদর্শন দিবস সংঘাতের প্রতি মনোযোগ আকর্ষণ, শান্তি ও সামাজিক উন্নয়নের প্রচার এবং বিশ্বব্যাপী জনমতকে অবহিত ও প্রভাবিত করার ক্ষেত্রে দূরদর্শনের ভূমিকা তুলে ধরে।
দূরদর্শন (Television ; সংক্ষেপে TV) হল চলমান ছবি এবং শব্দ প্রেরণের জন্য এক টেলিযোগাযোগ মাধ্যম ও যন্ত্র। দূরদর্শন হল বিজ্ঞাপন, বিনোদন, সংবাদ এবং খেলাধূলার জন্য এক গণমাধ্যম (Mass Media)। দূরদর্শন আধুনিক মানব জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে, যা আমাদের বিনোদন ও তথ্যদানের এক প্রধান মাধ্যম। ইংরেজি ‘Television‘ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Tele’ অর্থাৎ দূর (Far) এবং ‘Visio’ অর্থাৎ দর্শন (Sight) থেকে এসেছে। অর্থাৎ ইংরেজি Television শব্দটির আক্ষরিক অর্থ হল দূরদর্শন। নথিবদ্ধকৃত ইতিহাস অনুসারে, ১৯০০ সালে রাশিয়ান বিজ্ঞানী কনস্ট্যান্টিন পেরস্কাই (Constantin Perskyi) সর্বপ্রথম টেলিভিশন শব্দটি ব্যবহার করেন। ১৯২৬ সালের ২৬ শে জানুয়ারি স্কটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড (John Logie Baird) প্রথম টেলিভিশন (টিভি) আবিষ্কার করেন। প্রদর্শন (Display) প্রযুক্তির উপর ভিত্তি করে টেলিভিশন বিভিন্ন প্রকার — Cathode-Ray Tube (CRT), Plasma Display Panel (PDP), Liquid-Crystal Display (LCD), Organic Light-Emitting Diode (OLED) ইত্যাদি।
দূরদর্শনের সুফলগুলি হল — তথ্য ও শিক্ষার বিস্তার, বিনোদন ও সংস্কৃতির প্রসার, সংযোগ ও জাতীয় সংহতি বৃদ্ধি ইত্যাদি। দূরদর্শনের কুফলগুলি হল — সময় অপচয়, ভুল বা বিকৃত তথ্য পরিবেশন, সামাজিক বিচ্ছিন্নতা, অপরাধপ্রবণতা বৃদ্ধি ইত্যাদি। বর্তমান বিশ্বে উল্লেখযোগ্য টেলিভিশন নির্মাতা সংস্থাগুলি হল — Samsung, LG, Sony, TCL, Hinsense, Xiaomi, Panasonic, Toshiba, Philips, Haier ইত্যাদি। বর্তমান বিশ্বে কয়েকটি উল্লেখযোগ্য নিউজ চ্যানেল হল — CNN, BBC News, Sky News, WION, DW, CGTN, RT, India Today, France 24, Euronews ইত্যাদি। বর্তমান বিশ্বে কয়েকটি উল্লেখযোগ্য বিনোদনমূলক চ্যানেল হল — HBO, Zee Cinema, Africa Magic, TV Globo, Cartoon Network ইত্যাদি। বর্তমান বিশ্বে কয়েকটি উল্লেখযোগ্য স্পোর্টস চ্যানেল হল — Sky Sports, ESPN, Sony Sports, Star Sports, Fox Sports ইত্যাদি।
Pingback: Constitution Day - ভূগোলিকা-Bhugolika