Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

নভেম্বর

World Children’s Day

বিশ্ব শিশু দিবস (World Children’s Day)

World Children’s Day

আজ ২০ শে নভেম্বর (20 November), বিশ্ব শিশু দিবস (World Children’s Day)। প্রতি বছর ২০ শে নভেম্বর তারিখটি বিশ্ব শিশু দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ১৪ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ এক অনুবন্ধে সকল সদস্য রাষ্ট্রকে একটি সর্বজনীন শিশু দিবস (Universal Children’s Day) প্রতিষ্ঠার সুপারিশ করে। ১৯৫৯ সালের ২০ শে নভেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ‘শিশুর অধিকারের ঘোষণাপত্র‘ (Declaration of the Rights of the Child) গৃহীত হয়। ইউনেস্কো ১৯৭৯ সালকে আন্তর্জাতিক শিশু বর্ষ (International Year of the Child) হিসাবে ঘোষণা করে। ১৯৮৯ সালের ২০ শে নভেম্বর রাষ্ট্রসংঘ কর্তৃক ‘শিশু অধিকার সনদ‘ (Convention on the Rights of the Child) স্বাক্ষরিত হয়৷ ১৯৯০ সাল থেকে ২০ শে নভেম্বর তারিখটি বিশ্ব শিশু দিবস রূপে পালিত হয়। বিশ্ব শিশু দিবস পালনের উদ্দেশ্য হল : শিশুদের অধিকার ও কল্যাণ, শিশুদের সুরক্ষা ও বিশ্বব্যাপী শিশুদের সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের জন্য এক নিরাপদ, আরও ন্যায়সঙ্গত বিশ্ব তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব শিশু দিবসের থিম হল : ‘My Day, My Rights’।

রাষ্ট্রসংঘের শিশু অধিকার সনদ (১৯৮৯) অনুসারে, ১৮ বছরের কম বয়সী যেকোনো মানুষকে শিশু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল — শিশুর বেঁচে থাকার অধিকার, শিশুর জন্ম নিবন্ধীকরণ, শিশুর আইনসম্মত পরিচিতি, শিশুর শারীরিক ও মানসিক উন্নয়ন, শিশু পাচার প্রতিরোধ, শিশুর সামাজিক অধিকার, শিশু স্বাস্থ্য ও পুষ্টি, প্রতিবন্ধী শিশুর অধিকার, শরণার্থী শিশুর অধিকার, শিশুর শিক্ষা ইত্যাদি। শিশু সুরক্ষা হল সেই কার্যক্রম, যার মধ্য দিয়ে শিশুরা সব রকমের বঞ্চনা, নির্যাতন (শারীরিক ও মানসিক) লাঞ্ছনা থেকে রক্ষা পাবে এবং তাদের প্রাথমিক অধিকারগুলি অর্জনের মাধ্যমে তাদের সামগ্রিক বিকাশ সাধনে সাহায্য করবে। শিশু সুরক্ষার প্রধান ক্ষেত্রগুলি হল — শিশুশ্রম, বাল্য বিবাহ, শিশু পাচার, শিশু নির্যাতন (শারীরিক ও মানসিক), যৌন হেনস্থা ও নিগ্রহ, কন্যাভ্রূণ হত্যা, অনাথ শিশু, প্রতিবন্ধী শিশু ইত্যাদি। যেসব মৌলিক অধিকার শিশুদের সুরক্ষা, বিকাশ, এবং সুস্থ জীবন নিশ্চিত করে, তাদের শিশু অধিকার বলে৷ যেমন — বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, নিরাপত্তার অধিকার, নির্যাতন ও শোষণ থেকে মুক্তির অধিকার ইত্যাদি।

১৯৪৬ সালের ১১ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ শিশু তহবিল (United Nations Children’s Fund / UNICEF) সংস্থাটি গঠিত হয়। রাষ্ট্রসংঘের এই সংস্থা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ, উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা করে থাকে৷ এই সংস্থার কার্যক্রমগুলি হল — (১) যুদ্ধ, দুর্যোগ বা অন্যান্য জরুরী পরিস্থিতিতে শিশুদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করা। (২) শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সহিংসতার বিরুদ্ধে শিশুদের অধিকার রক্ষা করা। (৩) মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকাদান এবং পুষ্টি নিশ্চিত করা। (৪) শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা এবং তাদের সহিংসতা, শোষণ ও অপব্যবহার থেকে রক্ষা করা। (৫) বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করা। শিশুদের অধিকার ও কল্যাণ সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা হল — Save the Children, Child Rights and You (CRY), Akshaya Patra Foundation, Kailash Satyarthi Children’s Foundation (KSCF), Child In Need Institute (CINI), Child Rights International Network (CRIN), ChildFund International, International Justice Mission (IJM), Plan International, Childhood Education International ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : জাতীয় সংহতি দিবস

One thought on “World Children’s Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!