World Basketball Day
বিশ্ব বাস্কেটবল দিবস (World Basketball Day)

আজ ২১ শে ডিসেম্বর (21 December), বিশ্ব বাস্কেটবল দিবস (World Basketball Day)। প্রতি বছর ২১ শে ডিসেম্বর তারিখটি বিশ্ব বাস্কেটবল দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৮৯১ সালের ২১ শে ডিসেম্বর তারিখে আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের স্প্রিংফিল্ডের আন্তর্জাতিক ওয়াইএমসিএ প্রশিক্ষণ বিদ্যালয় (International YMCA Training School) -তে সর্বপ্রথম বাস্কেটবল খেলা হয়েছিল। তারই স্মরণে, ২০২৩ সালের ২৫ শে আগস্ট রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১ শে ডিসেম্বর তারিখটি বিশ্ব বাস্কেটবল দিবস রূপে ঘোষণা করে। ২০২৩ সালের ২১ শে ডিসেম্বর তারিখে প্রথমবার বিশ্ব বাস্কেটবল দিবস পালিত হয়। বিশ্ব বাস্কেটবল দিবস পালনের উদ্দেশ্য হল : ক্রীড়া হিসাবে বিশ্বব্যাপী বাস্কেটবলের প্রভাবকে সম্মান প্রদর্শন করা এবং খেলাধূলার সর্বজনীন ভাষার মাধ্যমে স্বাস্থ্য, অন্তর্ভুক্তি ও ঐক্যের প্রচার করা। বিশ্ব বাস্কেটবল দিবস পালনের লক্ষ্য হল — বাস্কেটবলের ইতিবাচক মূল্যবোধ (দলগত কাজ, অন্তর্ভুক্তি, স্বাস্থ্য, ন্যায়বিচার) প্রচার করা, বিভিন্ন সংস্কৃতির মধ্যে ঐক্য গড়ে তোলা, যুবসমাজকে অনুপ্রাণিত করা, সকল বয়সের মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং সামাজিক উন্নয়নে বাস্কেটবলের ভূমিকা তুলে ধরা।
বাস্কেটবল (Basketball) হল একটি দলগত খেলা (Team Sport)। এই খেলাতে দুটি দল (প্রতি দলে পাঁচজন খেলোয়াড়) একটি আয়তক্ষেত্রাকার কোর্টে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে। বাস্কেটবল খেলার মূল নিয়ম হল — প্রতিপক্ষ দলের ঝুড়িতে (বাস্কেট) বলটিকে ফেলে (অর্থাৎ গোল করে) পয়েন্ট অর্জন করা এবং নিজের ঝুড়িকে রক্ষা করা। তবে, বল হাতে নিয়ে দৌড়ানো যায় না, ড্রিবলিং (বল বাউন্স করানো) করতে হয়। কোনো খেলোয়াড় ফাউল করলে বিপক্ষ দল ফ্রি থ্রো (Free Throw) পেয়ে থাকে। বাস্কেটবল খেলাতে স্কোরিংয়ের নিয়ম হল — ৩ পয়েন্ট লাইনের বাইরে থেকে গোল করলে ৩ পয়েন্ট, ৩ পয়েন্ট লাইনের ভেতর থেকে গোল করলে ২ পয়েন্ট এবং ফ্রি থ্রো (ফাউলের কারণে) করলে ১ পয়েন্ট। বাস্কেটবল খেলা সাধারণত ৪ টি কোয়ার্টারে বিভক্ত থাকে এবং প্রতিটি কোয়ার্টার ১০ মিনিট (FIBA -এর নিয়ম অনুসারে) বা ১২ মিনিট (NBA -এর নিয়ম অনুসারে) -এর হয়। নির্দিষ্ট সময় শেষে যে দলের পয়েন্ট বেশি থাকে, সেই দল জয়ী হয়।
বাস্কেটবল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
★ ১৮৯১ সালে জেমস নাইস্মিথ (James Naismith) বাস্কেটবল খেলাটি উদ্ভাবন করেন। তাই, জেমস নাইস্মিথ বাস্কেটবলের জনক (Father of Basketball) রূপে পরিচিত।
★ FIBA হল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (International Basketball Federation), যার পূর্ণরূপ — Fédération Internationale de Basketball। ১৯৩২ সালে এই সংস্থা গঠিত হয়।
★ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ বাস্কেটবল লিগ হল উত্তর আমেরিকার NBA (National Basketball Association)। ১৯৪৬ সালে স্থাপিত এই প্রতিযোগিতায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ২৯ টি এবং কানাডার ১ টি দল অংশগ্রহণ করে।
★ FIBA এবং অলিম্পিক প্রতিযোগিতায় বাস্কেটবল কোর্টের আকার হয় দৈর্ঘ্যে ৯১.৯ ফুট এবং ৪৯.২ ফুট। NBA প্রতিযোগিতায় বাস্কেটবল কোর্টের আকার হয় দৈর্ঘ্যে ৯৪ ফুট এবং প্রস্থে ৫০ ফুট।
★ কয়েকজন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় — মাইকেল জর্ডান (Michael Jordan), লেব্রন জেমস (LeBron James), করিম আব্দুল-জব্বার (Kareem Abdul-Jabbar), কোবি ব্রায়ান্ট (Kobe Bryant), স্টিফেন কারি (Stephen Curry), কেভিন ডুরান্ট (Kevin Durant) প্রমুখ।