Vijay Diwas
বিজয় দিবস (Vijay Diwas)

আজ ১৬ ই ডিসেম্বর (16 December), বিজয় দিবস (Vijay Diwas)। প্রতি বছর ভারতে ১৬ ই ডিসেম্বর তারিখটি বিজয় দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ (Bangladesh Liberation War) -এর প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান যুদ্ধ-১৯৭১ (India-Pakistan War-1971) -তে পাকিস্তান আত্মসমর্পণ করে। অর্থাৎ ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস হল ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী (Pakistan Armed Forces) -এর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ও বাংলাদেশের মুক্তি বাহিনী (Mukti Bahini) -এর ঐতিহাসিক জয়লাভের তারিখ। বিজয় দিবস পালনের উদ্দেশ্য হল : ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয় উদযাপন করা এবং ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগকে স্মরণ করা।
১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম প্রত্যক্ষ সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman) -এর নেতৃত্বাধীন আওয়ামী লীগ (Awami League) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এ বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধিকার আন্দোলনের উত্থান ঘটে। ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্রাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী স্বাধিকার আন্দোলনকে দমন করতে পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট (Operation Searchlight) -এর সূচনা করে। এই সামরিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এ রাজনৈতিক ও সামরিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য বাংলাদেশ গণহত্যা (Bangladesh Genocide) সংঘটিত করে।
এমতবস্থায়, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ শে মার্চ প্রচারিত এক বেতার ভাষণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা। ভারত সরকার মুক্তিবাহিনীকে সমর্থন করে এবং পূর্ব পাকিস্তানের বিদ্রোহী বাঙালিদের সংগঠন তৈরি ও প্রশিক্ষণ দেওয়া ও অস্ত্র সরবরাহের মাধ্যমে সহায়তা করে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারে পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ শরণার্থীকে ভারত আশ্রয় দান করে। ১৯৭১ সালের ৩ রা ডিসেম্বর পাকিস্তান ভারতে অতর্কিত বিমান হামলা চালালে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক ও পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী (Amir Abdullah Khan Niazi) ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা (Jagjit Singh Aurora) -এর নিকট এক লিখিত চুক্তিতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন, যা পাকিস্তানের আত্মসমর্পণের দলিল (Pakistani Instrument of Surrender) নামে পরিচিত। এই অনুষ্ঠানে ৯৩,০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড়ো আত্মসমর্পণের ঘটনা।
Pingback: World Meditation Day - ভূগোলিকা-Bhugolika