Pravasi Bharatiya Divas
প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas)

আজ ৯ ই জানুয়ারি (9 January), প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas)। প্রবাসী ভারতীয় দিবস পালনের উদ্দেশ্য হল ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান স্মরণ করা এবং ভারত সরকারের সাথে অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সম্পৃক্ততা মজবুত করা ও তাদের সাংস্কৃতিক শিকড়ের সাথে পুনরায় সংযোগ করা। ২০০২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ৯ ই জানুয়ারি তারিখটিকে প্রবাসী ভারতীয় দিবস রূপে ঘোষণা করেন। ২০০৩ সালে নিউ দিল্লিতে প্রথমবার প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ২০১৫ সালে ভারত সরকার প্রবাসী ভারতীয় দিবস-কে দ্বিবার্ষিক (অর্থাৎ প্রতি দুই বছরে একবার) রূপে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাই, ২০১৫ সাল থেকে প্রতি দুই বছরে একবার প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। উল্লেখ্য, ১৯১৫ সালের ৯ ই জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধী (১৮৬৯-১৯৪৮) দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এই দিনটির স্মরণে ভারত সরকার ৯ ই জানুয়ারি তারিখটি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে উদযাপন করে।
প্রবাসী ভারতীয় সম্প্রদায় (Overseas Indian Community) দুই প্রকার — অনাবাসী ভারতীয় (Non-Resident Indians/NRIs) এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (Person of Indian Origin/PIOs)। যেসব ভারতীয় নাগরিক বর্তমানে ভারতের বাইরে বসবাস করেন, তাঁরা অনাবাসী ভারতীয় (NRIs) নামে পরিচিত। যেসব ব্যক্তি জন্ম বা বংশগতভাবে ভারতীয় কিন্তু অন্য দেশের নাগরিক (ব্যতিক্রম পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চিন, ইরান, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল), তাঁরা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIOs) নামে পরিচিত। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIOs) এবং ভারতীয় নাগরিক (Indian Citizen/NRIs) বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIOs)-এর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ কোনো ব্যক্তি ভারতের বিদেশি নাগরিক (Overseas Citizens of India/OCIs) নামে পরিচিত। যেহেতু ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের কোনো বিধান নেই, তাই ভারতের বিদেশি নাগরিক (OCIs)-রা আইনগত ভাবে ভারতের নাগরিক নন। তাঁদের ভোটাধিকার ও সরকারি চাকরির অধিকার থাকেনা। তাঁরা জীবনকাল ভিসা (Lifetime Visa)-এর মাধ্যমে ভারতে বাস করতে পারেন।
বর্তমানে ভারতীয় প্রবাসী (Indian Diaspora) হল বিশ্বের বৃহত্তম প্রবাসী (World’s Largest Diaspora), যার জনসংখ্যা ৩.৫৪ কোটি [NRIs এবং PIOs (OCIs সহ) ; সূত্র : Ministry of External Affairs, Government of India ; November, 2024)। বিশ্বের যেকোনো প্রান্তে, প্রায় অধিকাংশ দেশেই কম-বেশি প্রবাসী ভারতীয় সম্প্রদায় রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুসারে (নভেম্বর, ২০২৪), আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসী জনসংখ্যা সর্বাধিক (৫৪,০৯,০৬২ জন)। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী (UAE), মালয়েশিয়া, মায়ানমার, ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ওমান, কুয়েত, মরিশাস প্রভৃতি দেশে প্রবাসী ভারতীয় সম্প্রদায় জনসংখ্যা উল্লেখ্যযোগ্য।
প্রবাসী ভারতীয় দিবসের থিম :
২০২৫ : এক বিকশিত ভারতের সংকল্পে প্রবাসী ভারতীয়দের অবদান (Diaspora’s Contribution to a Viksit Bharat)
খুব সুন্দর
Pingback: National Youth Day - ভূগোলিকা-Bhugolika