National Farmers’ Day
জাতীয় কৃষক দিবস (National Farmers’ Day)

আজ ২৩ শে ডিসেম্বর (23 December), জাতীয় কৃষক দিবস (National Farmers’ Day)। প্রতি বছর ভারতে ২৩ শে ডিসেম্বর তারিখটি জাতীয় কৃষক দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২৩ শে ডিসেম্বর হল ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট কৃষক নেতা চৌধুরী চরণ সিং (১৯০২-১৯৮৭) -এর জন্মদিন। ১৯০২ সালের ২৩ শে ডিসেম্বর চৌধুরী চরণ সিং (Choudhary Charan Singh) বর্তমান উত্তরপ্রদেশের নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ভারত সরকার ২৩ শে ডিসেম্বর তারিখটি জাতীয় কৃষক দিবস রূপে ঘোষণা করে এবং ২০০১ সালের ২৩ শে ডিসেম্বর তারিখে ভারতে প্রথমবার জাতীয় কৃষক দিবস পালিত হয়। জাতীয় কৃষক দিবস পালনের উদ্দেশ্য হল : দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জ্ঞাপন করা, কৃষকদের কল্যাণে সচেতনতা বৃদ্ধি, কৃষি প্রবৃদ্ধি প্রচারণা এবং জলবায়ু পরিবর্তন ও আর্থিক সীমাবদ্ধতার মতো সমস্যাগুলি মোকাবিলা করা।
উল্লেখ্য, মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ উৎপাদনকেই কৃষিকাজ (Agriculture) বলে। শস্য উৎপাদন (Crop Cultivation), পশুপালন (Livestock Rearing), মৎস্যচাষ (Pisciculture), জলচাষ (Aquaculture), মৌমাছি প্রতিপালন (Apiculture) ইত্যাদি কৃষিকাজের অন্তর্গত। খাদ্য সরবরাহ, কাঁচামাল উৎপাদন, অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নে কৃষিকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত একটি কৃষিপ্রধান দেশ। ভারতের মোট জনসংখ্যার ৬৫% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। ২০১১ জনগণনা অনুসারে, ভারতের মোট শ্রমজীবীর ৫৪.৬% কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে নিযুক্ত রয়েছে। তবে, ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey of India) ২০২৪-২৫ অনুসারে, ভারতের মোট শ্রমজীবীর ৪৬.১% কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে নিযুক্ত রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে মোট জিডিপি (GDP)-এর ১৭.৯৪% কৃষি খাতের অন্তর্গত।
ভারতে কৃষকদের প্রধান সমস্যাগুলি হল — ঋণ সমস্যা ও আর্থিক সংকট, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, অপর্যাপ্ত সেচ ও পরিকাঠামো, মৃত্তিকার স্বাস্থ্যহানি ও উর্বরতা হ্রাস, জনসংখ্যার চাপে মাথাপিছু কৃষিজমি হ্রাস এবং ক্ষুদ্র ও খন্ডিত জমি, প্রযুক্তিগত অনগ্রসরতা ও যান্ত্রিকীকরণের অভাব, বাজার ও বিপণনের সমস্যা, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে শিক্ষার অভাব ইত্যাদি। কৃষি ও কৃষক উন্নয়নে ভারত সরকার কর্তৃক গৃহীত কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প ও কর্মসূচি হল — প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN), প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PM-KMY), প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PM-FBY), প্রধানমন্ত্রী কিষান সম্পদা যোজনা (PM-KSY), মডিফাইড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম (MISS), কিষান ক্রেডিট কার্ড (KCC), কৃষি পরিকাঠামো তহবিল (AIF), মৃত্তিকা স্বাস্থ্য কার্ড (SHC) প্রকল্প, নমো ড্রোন দিদি (Namo Drone Didi) ইত্যাদি।
Pingback: Good Governance Day - ভূগোলিকা-Bhugolika