Monday, March 16, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ডিসেম্বর

Human Rights Day

মানবাধিকার দিবস (Human Rights Day)

Human Rights Day

আজ ১০ ই ডিসেম্বর (10 December), মানবাধিকার দিবস (Human Rights Day)। প্রতি বছর ১০ ই ডিসেম্বর তারিখটি মানবাধিকার দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ই ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) প্রকাশিত হয়। তারই স্মরণে, ১৯৫০ সালের ৪ ঠা ডিসেম্বর তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১০ ই ডিসেম্বর তারিখটি মানবাধিকার দিবস রূপে ঘোষণা করে। ১৯৫০ সালের ১০ ই ডিসেম্বর তারিখে প্রথমবার মানবাধিকার দিবস পালিত হয়। মানবাধিকার দিবস পালনের উদ্দেশ্য হল : মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র-কে স্মরণ করা এবং সকল মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রচার ও সুরক্ষা করা। মানবাধিকার দিবস পালনের লক্ষ্য হল — বিশ্বব্যাপী সমতা, ন্যায়বিচার ও মর্যাদাকে গুরুত্ব প্রদান করা, মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ইতিবাচক পরিবর্তনগুলিকে সমর্থন করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে মানবাধিকার দিবসের থিম হল : ‘Human Rights, Our Everyday Essentials’।

রাষ্ট্রসংঘ কর্তৃক প্রকাশিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুসারে, মানবাধিকার (Human Rights) বলতে বোঝায় — ‘জন্মগতভাবে সকল মানুষ স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদার অধিকারী’। মানবাধিকার হল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো পরিচয় নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার, যা তাদের মর্যাদা, স্বাধীনতা এবং সমানাধিকারের সাথে বাঁচতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে জীবন, শিক্ষা, কাজ ও মত প্রকাশের স্বাধীনতা এবং নির্যাতন থেকে মুক্তি পাওয়ার অধিকার, যা মানুষ হিসাবে সকলের প্রাপ্য। মানবাধিকার — এক মৌলিক অধিকার ও স্বাধীনতা, যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রযোজ্য। এই অধিকার কোনো সরকার, আইন বা সামাজিক অবস্থা দ্বারা প্রদত্ত নয়, বরং মানুষের অন্তর্নিহিত সত্তা থেকে উদ্ভূত। মানবাধিকারের মূল লক্ষ্য হল — প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা এবং সমাজে তাদের সমানাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা। কয়েকটি উল্লেখযোগ্য মানবাধিকার সংস্থা হল — অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International), হিউম্যান রাইটস্ ওয়াচ (Human Rights Watch), রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদ (UN Human Rights Council) ইত্যাদি।

মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্য হল — (১) সার্বজনীনতা (Universality): অর্থাৎ মানবাধিকার সকল মানুষের জন্য, সকল স্থান ও কালে সমানভাবে প্রযোজ্য, কোনো ভেদাভেদ নেই। (২) সহজাততা (Inherent): অর্থাৎ মানবাধিকার মানুষের জন্মগত, যা তাকে আলাদা করে অর্জন করতে হয় না। (৩) অবিভাজ্যতা (Indivisibility): অর্থাৎ মানবাধিকার অবিচ্ছেদ্য; কোনো অধিকারকে অন্য অধিকার থেকে আলাদা করে দেখা যায় না। যেমন—রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার সমান গুরুত্বপূর্ণ। (৪) অপরিবর্তনীয়তা (Inalienability): অর্থাৎ মানবাধিকার হস্তান্তরযোগ্য নয় বা কেড়ে নেওয়া যায় না, যদিও আইন বা জাতীয় নিরাপত্তার কারণে কখনো সীমিত হতে পারে। (৫) আইনগত ভিত্তি (Legal Basis): অর্থাৎ মানবাধিকার আন্তর্জাতিক আইন, চুক্তি এবং বিভিন্ন দেশের সংবিধানে স্বীকৃত ও বলবৎযোগ্য। (৬) মর্যাদা ও স্বাধীনতা (Dignity & Freedom): অর্থাৎ মানবাধিকার মানুষের জীবনকে সম্মান ও মর্যাদার সাথে যাপন করার অধিকার নিশ্চিত করে। যেমন—নির্যাতন থেকে মুক্তি, মতপ্রকাশের স্বাধীনতা, কাজ ও শিক্ষার অধিকার। (৭) পরস্পর নির্ভরশীলতা (Interdependence): অর্থাৎ একটি অধিকারের প্রয়োগ অন্য অধিকারকে প্রভাবিত করে এবং সকল অধিকার একে অপরের ওপর নির্ভরশীল।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : মানবাধিকার দিবস

One thought on “Human Rights Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!